দিনাজপুরের বিরামপুর উপজেলার গোবিন্দপুর সীমান্ত দিয়ে ১২ থেকে ১৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তাদের ফের ভারতের দিকে নিয়ে যেতে বাধ্য হয় বিএসএফ।
রোববার রাত ১১টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ঘটনাস্থলের দিকে এগিয়ে গিয়ে বাধা দেন।
পরে বিজিবি সদস্য ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিদের নিয়ে ভারতীয় সীমান্তের দিকে ফিরে যায় বিএসএফ সদস্যরা।
ঘটনার পর সম্ভাব্য পুশইন ঠেকাতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার মাহাবুর রহমান বলেন, রাতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে বেশ কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে বাধা দেন। পরে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে ওই ব্যক্তিদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ।
