সাভারের আমিনবাজারে হামলায় নিহত পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেন

সাভারে পুলিশের বিশেষ শাখার এসআইকে পিটিয়ে হত্যা

সারাদেশ

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলামও গুরুতর আহত হয়েছেন।

শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ওই এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এ সময় পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেন ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে ঘটনার প্রতিবাদ করেন। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে কয়েকজন তার ওপর হামলা চালায় এবং তাকে মারধর করে।

বাবাকে উদ্ধার করতে আলতাব হোসেনের ছোট ছেলে আরিফুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এতে তিনিও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত বাবা-ছেলেকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী পুলিশ সদস্য জানিয়েছেন, আলতাব হোসেনের কপাল ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেরেবাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরিফুল ইসলামের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।