চুয়াডাঙ্গার দর্শনায় সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা ও লুটপাটের অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার

চুয়াডাঙ্গায় ব্যবসায়ীর অফিস ভাঙচুরসহ ২৩ লাখ টাকা লুটপাট, যুবদল-ছাত্রদলের ২ নেতা গ্রেপ্তার

সারাদেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দর্শনায় চাঁদার টাকা না পেয়ে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে যুবদল ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে রাতে ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় মামলা করেন। মামলার সূত্র ধরে দর্শনা পৌর যুবদলের সদস্য রকিবুল ইসলাম রাইট এবং দর্শনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী রফিকুল ইসলামের অভিযোগ, সম্প্রতি ভারত থেকে আমদানি করা পাথরের একটি চালানের পণ্য খালাসকে কেন্দ্র করে আরেক সিঅ্যান্ডএফ এজেন্ট মোহাম্মদ রায়হানের সঙ্গে তার ব্যবসায়িক বিরোধ তৈরি হয়। ওই বিরোধের সুযোগ নিয়ে স্থানীয় একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। বৃহস্পতিবার রাতেও মুঠোফোনে হুমকি দিয়ে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয় বলে জানান তিনি।

রফিকুল ইসলাম আরও অভিযোগ করেন, চাঁদার টাকা পরিশোধ না করলে তার কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের হুমকি দেওয়া হয়েছিল। এর জের ধরে শুক্রবার দুপুরে দর্শনা রেলগেট এলাকায় তার কার্যালয়ে লাঠিসোঁটা নিয়ে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

অভিযোগে বলা হয়, হামলাকারীরা কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফটোকপিয়ার মেশিনসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। তারা রফিকুল ইসলামের ব্যক্তিগত কক্ষের দরজাও ভাঙার চেষ্টা চালায়। একপর্যায়ে কার্যালয়ে থাকা নগদ ২৩ লাখ ৩০ হাজার টাকা এবং দুটি স্বাক্ষরিত ব্যাংক চেক লুট করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তের অংশ হিসেবে পুলিশ চারজনকে হেফাজতে নেয়। পরে ব্যবসায়ী রফিকুল ইসলামের দায়ের করা মামলায় যুবদল নেতা রকিবুল ইসলাম রাইট ও ছাত্রদল নেতা মোহাম্মদ আমিনকে গ্রেপ্তার করা হয়।

ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না এবং লুট হওয়া অর্থ ও চেক উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।