বরিশালে মাদকবিরোধী অভিযানে পুলিশের এক কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পাশাপাশি স্থানীয়দের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে মাদক সেবনের নানা সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে বরিশাল সদর উপজেলার দক্ষিণ কড়াপুর এলাকার মিরাজুল ইসলাামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার এএসআই দেলোয়ার হোসেন (৩৮), নাহিদ হাসান (২৬), মিরাজুল ইসলাম (৩৪) ও ফাতেমা আক্তার নুরজাত (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম জানান, দক্ষিণ কড়াপুর এলাকায় মিরাজ হাওলাদারের বাড়িতে মাদক কেনা-বেচা, সেবন ও আড্ডা হয় এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। এ সময় মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় আটককৃতদের মধ্যে দেলোয়ার হোসেন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় প্রদান করেন। পরে বিষয়টি এয়ারপোর্ট থানা পুলিশকে অবহিত করা হলে তার দেলোয়ার হোসেনের পরিচয় নিশ্চিত করেন এবং তাদের জিম্মায় নিয়ে যান। এ ঘটনায় এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. জাহিদুল ইসলাম আরও জানান, ঘটনাস্থলে যেহেতু মাদকদ্রব্য পাইনি, শুধু মাদক সেবনের সরঞ্জাম পেয়েছি। তাই পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে তার বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। আর যদি ঘটনাস্থল থেকে মাদকদ্রব্য পাওয়া যেত তাহলে তাকে ছেড়ে আসার সুযোগ ছিল না।
