জামালপুরে মিটার স্থাপনের আগেই গ্রাহকের নামে আসা বিদ্যুৎ বিল

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জাতীয়

জামালপুরের মাদারগঞ্জে নতুন মিটার স্থাপনের আগেই বিল তৈরির ঘটনায় বিস্ময়, প্রশ্ন উঠেছে বিদ্যুৎ বিভাগের বিলিং ব্যবস্থাপনা নিয়ে

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল আসার ঘটনা ঘটেছে। মিটার স্থাপন না হওয়া এবং বিদ্যুৎ ব্যবহার শুরু না হলেও এমন বিল পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ভুক্তভোগী নিমাই চন্দ্র সরকার।

ঘটনাটি ঘটেছে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকায়। ভুক্তভোগীর অভিযোগ, নতুন একটি মিটারের জন্য আবেদন করার পর এখনো মিটার স্থাপন করা হয়নি, এমনকি বিদ্যুৎ সংযোগও দেওয়া হয়নি। এর মধ্যেই আগস্ট মাসের জন্য তার নামে ৬৯২ টাকার একটি বিল তৈরি হয়েছে।

নিমাই চন্দ্র সরকার জানান, তার বাসায় আগে থেকেই দুটি আবাসিক ও দুটি বাণিজ্যিক মিটার রয়েছে। এর বাইরে আরও একটি নতুন মিটারের জন্য আবেদন করেন তিনি। নতুন মিটারের জন্য ওয়্যারিং বোর্ড তৈরি করা হলেও এখনো সংযোগ দেওয়া হয়নি। কিন্তু তার নামে মোট পাঁচটি বিদ্যুৎ বিলের কাগজ এসেছে, যার একটি নতুন মিটারের নামে।

তিনি প্রশ্ন তোলেন, বিদ্যুৎ ব্যবহার না করেই কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো।

সরেজমিনে দেখা যায়, নিমাই চন্দ্র সরকারের বাড়িতে চারটি মিটার সচল রয়েছে। নতুন মিটার স্থাপনের জন্য প্রস্তুতি নেওয়া হলেও সেটি এখনো স্থাপন করা হয়নি। অথচ নতুন মিটারের বিপরীতে বিল তৈরি হয়েছে।

এ বিষয়ে তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে। তবে মিটার বা সংযোগ না থাকলেও বিল তৈরি করা যায় কি না জানতে চাইলে তিনি বিষয়টিকে ভুল হিসেবে উল্লেখ করেন।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবু সালেহ নাঈম জানান, সফটওয়্যার পরিবর্তনের কারণে এমন সমস্যা হতে পারে। তবে মিটার ও সংযোগ না থাকা অবস্থায় কীভাবে গ্রাহকের নামে বিল তৈরি হলো, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

একই বিষয়ে মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, মিটার বা সংযোগ ছাড়া কীভাবে বিল আসে, তা তার জানা নেই।

ঘটনাটি বিদ্যুৎ বিভাগের বিলিং প্রক্রিয়া ও তদারকি ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।