গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের একটি দৃশ্য

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার ৩২

রাজনীতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ নেতা-কর্মী জড়ো হন। পরে তারা সেখানে মিছিল করার চেষ্টা করেন।

পুলিশের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে তাদের দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।