জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাদারীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন ঘোষিত কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন শিবচর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান। বিএনপির রাজনীতি থেকে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে তার যোগদানের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে ইয়াজ্জেম হোসেন রোমানের নাম ঘোষণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াজ্জেম হোসেন রোমান দীর্ঘদিন ধরে শিবচর উপজেলা বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। ২০১৬ সালে তৎকালীন শিবচর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরীর মৃত্যুর পর তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।
দলের কঠিন সময়েও তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় মূল্যায়ন ও সাংগঠনিক ভূমিকা নিয়ে তার মধ্যে অসন্তোষ তৈরি হয় বলে জানা গেছে।
দল পরিবর্তনের বিষয়ে ইয়াজ্জেম হোসেন রোমান বলেন, তিনি দীর্ঘদিন শিবচর উপজেলা বিএনপির দুর্দিনে নেতৃত্ব দিয়েছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলা ও প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে তাকে সময় পার করতে হয়েছে। দলের অভ্যন্তরীণ বিষয় ও কিছু মান-অভিমানের কারণে তিনি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, রাজনীতির মূল লক্ষ্য যদি মানুষের সেবা করা হয়, তাহলে যেকোনো রাজনৈতিক দলের মাধ্যমেই জনকল্যাণমূলক কাজ করা সম্ভব। এখন এনসিপির মাধ্যমে মানুষের জন্য কাজ করতে চান তিনি।
এদিকে বিএনপির সাবেক নেতার এনসিপিতে যোগদানকে ঘিরে মাদারীপুরের স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিভিন্ন দলের নেতাদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়া দেশের চলমান রাজনৈতিক পরিবর্তনের অংশ।
