চট্টগ্রামে আবাসিক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার, উদ্ধার বিপুল ডিজিটাল ডিভাইস
চট্টগ্রাম নগরীর খুলশী এলাকার একটি আবাসিক বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপসহ বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, এসব ডিভাইস ব্যবহার করে অনলাইনভিত্তিক প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছিল।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) ফয়সাল আহম্মদ এ তথ্য জানান।
পুলিশ জানায়, খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ। অভিযানে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিকসহ মোট ৬৩ জনকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা প্রায় দেড় মাস ধরে ওই বাড়িতে অবস্থান করছিলেন। বাড়িটির মালিক একজন দুবাইপ্রবাসী। বিদেশি নাগরিকরা প্রায় দেড় মাস আগে বাড়িটি ভাড়া নিয়ে সেখানে অবস্থান শুরু করেন। এরপর থেকেই তারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে অনলাইন কার্যক্রম চালাচ্ছিলেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
অভিযানে উদ্ধার করা সরঞ্জামের মধ্যে রয়েছে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, সিপিইউ, স্যামসাং মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড। এছাড়া পাকিস্তানের তিনটি জাতীয় পরিচয়পত্র এবং কম্বোডিয়ার একটি কর্মসংস্থান কার্ডও জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ডিভাইসগুলো ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। এসব ডিভাইস থেকে অনলাইন যোগাযোগ, অর্থ লেনদেন, ব্যবহৃত ওয়েবসাইট, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং সম্ভাব্য ভুক্তভোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এত বিপুলসংখ্যক বিদেশি নাগরিকের জন্য বাসস্থান, প্রযুক্তিগত সরঞ্জাম ও অন্যান্য সুবিধা একটি সংগঠিত ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়ে থাকতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দেশি-বিদেশি সহযোগীদের বিষয়ে তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, বাড়ি ভাড়া নেওয়া, প্রযুক্তিগত সরঞ্জাম সংগ্রহ, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ও অর্থ লেনদেনে অন্য কারও সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
একই বাড়ি থেকে ৬৩ বিদেশি নাগরিক ও বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস উদ্ধারের ঘটনায় বড় কোনো অনলাইন অপরাধী চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্ত করছে পুলিশ।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানিয়েছেন, এ ঘটনায় খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষ হলে চট্টগ্রামের ওই বাড়ি থেকে পরিচালিত অনলাইন কর্মকাণ্ড এবং এর সঙ্গে জড়িত নেটওয়ার্ক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
