ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিএসএফের গুলির ঘটনার প্রতীকী ছবি।

সীমান্তে বিএসএফের গুলিতে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত

জাতীয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আসাদুল হক (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় মোস্তাকিম (৩২) ও শ্রী উদা রায় (৩৪) নামে আরও দুই বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৩৩৩ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত আসাদুল হক উপজেলার ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের উদ্দীনের ছেলে। আহত মোস্তাকিম একই এলাকার আহেদ আলীর ছেলে এবং শ্রী উদা রায় মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সীমান্তের ৩৩৩ নম্বর মেইন পিলারসংলগ্ন এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের টহলদল গুলি চালালে তিনজন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাঁদের ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।

স্থানীয় বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য শাহাজাহান আলী বলেন, নিহত ও আহতরা তাঁর এলাকার বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান।

এ বিষয়ে দিনাজপুর ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানা গেছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি। বিস্তারিত জানতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পতাকা বৈঠকের পর আরও তথ্য জানা যেতে পারে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।