সচিবালয়ে ব্রিফিংয়ে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বক্তব্য দিচ্ছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

জাতীয়

স্থানীয় সরকারের পাঁচটি আইনের কোথাও নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, এ বিষয়ে বিভ্রান্ত না হয়ে আইন অনুযায়ী বিষয়টি বোঝার আহ্বান জানানো হচ্ছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রতিমন্ত্রী জানান, ইউনিয়ন পরিষদের সদস্য ও চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর এবং সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর—এসব পদে নির্বাচনে অংশ নিতে কোনো শিক্ষাগত যোগ্যতার শর্ত আইনে নেই।

এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, স্থানীয় সরকার আইনে লাভজনক সার্বক্ষণিক পদে কর্মরত ব্যক্তিদের অযোগ্য হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে এমপিও নীতিমালায়ও বলা হয়েছে, কোনো এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী একাধিক চাকরি বা আর্থিকভাবে লাভজনক পদে নিয়োজিত থাকতে পারবেন না।

তিনি আরও বলেন, এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার আইন, শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা এবং সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।