রাজধানীর বাড্ডায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরে মো. রানা (৩৫) নামে এক গাড়িচালককে বাসায় ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অবস্থায় রানাকে গভীর রাতে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আহত রানা নোয়াখালীর মাইজদী এলাকার বাসিন্দা। তিনি রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় বসবাস করতেন। রানার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন বিকেলে তিনি উত্তর বাড্ডায় এক পরিচিত বন্ধুর বাসায় দাওয়াতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তি দরজায় কড়া নাড়লে দরজা খুলতেই স্থানীয় তামিম নামে এক যুবকসহ আরও দুজন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে।
ঘরে ঢুকেই দুর্বৃত্তরা রানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাঁর ডান পায়ের হাঁটু লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রানার পরিবারের অভিযোগ, স্থানীয় তামিম দীর্ঘদিন ধরে তাঁর বড় ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণেই এই হামলার ঘটনা ঘটেছে। স্বজনদের দাবি, অভিযুক্ত তামিমের বিরুদ্ধে এলাকায় একাধিক মামলা রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান জানান, বাড্ডা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ভাটারা ও বাড্ডা থানাকে অবহিত করা হয়েছে।
