বিদেশি পিস্তলসহ বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

সারাদেশ

ভোলার দৌলতখান উপজেলায় বসতঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধারের পর নাহিদ নামে এক বহিষ্কৃত ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার নাহিদ উপজেলার চরপাতা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নানের ছেলে। তিনি দৌলতখান উপজেলা ছাত্রদলের আওতাধীন ৩ নম্বর চরপাতা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে দৌলতখান থানার একটি দল অভিযান পরিচালনা করে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) রাকিব ও এসআই জিয়াউদ্দিন আহমেদ।

অভিযানের সময় নাহিদের বসতঘর তল্লাশি করে একটি চাইনিজ পিস্তল (টাইপ-৫৪) উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

অস্ত্র আইনে মামলা

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জিয়াউদ্দিন আহমেদ জানান, উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তিনি বাদী হয়ে নাহিদের বিরুদ্ধে দৌলতখান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

দৌলতখান থানার ওসি ফখরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য ভোলা জেলা পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে জানাবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।