পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের এক তরুণীকে সরকারি বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করার অভিযোগে মো. আমিনুল ইসলাম বারেক নামে এক ইউপি সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
অভিযুক্ত বারেক পাংগাশিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে দক্ষিণ পাংগাশিয়া গ্রামের মানিক বয়াতির বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বারেক দীর্ঘদিন ধরে মানিক বয়াতির মেয়েকে মোবাইল ফোনে সরকারি ভিজিএফের চালসহ বিভিন্ন বরাদ্দ দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়া ও উত্ত্যক্ত করে আসছিলেন।
পরিবারের দাবি, ঘটনার রাতে ওই তরুণীকে বাড়ির পেছনে ডেকে নেন বারেক। একপর্যায়ে বাথরুমের পাশে সন্দেহজনক শব্দ শুনে পরিবারের সদস্যরা টর্চলাইট নিয়ে সেখানে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। দৌড়ে পালাতে গিয়ে টিনের বেড়া ও একটি গর্তে পড়ে যান বলে জানান পরিবারের সদস্যরা।
পরে পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে আটক করেন। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার কাছ থেকে ইউপি সদস্যকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, আটকের পর শিকল পরা অবস্থায় ওই ইউপি সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন জানান, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত ইউপি সদস্য পুলিশ হেফাজতে রয়েছেন এবং পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য তাকে আদালতে পাঠানো হচ্ছে।
