বেঙ্গালুরুতে সপ্তম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু, গুরুতর আহত বন্ধু

আন্তর্জাতিক

ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় একটি ভবনের সপ্তম তলা থেকে পড়ে ২৩ বছর বয়সী এক তরুণীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার সঙ্গে থাকা ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত তরুণীর নাম জননী। তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি বেঙ্গালুরুর হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে বসবাস করছিলেন।

আহত যুবকের নাম মনিচাভেলু। পুলিশ জানিয়েছে, তিনি জননীর বন্ধু। মনিচাভেলু একটি সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠানে কাজ করেন এবং তার বাড়িও পুদুচেরিতে।

পুলিশ ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে যান। এরপর ঠিক কীভাবে দুজন নিচে পড়ে যান, তা নিয়ে তদন্ত চলছে।

পুলিশের প্রাথমিক সন্দেহ, পড়ে যাওয়ার সময় জননীর সঙ্গে মনিচাভেলুও নিচে পড়ে যান। সপ্তম তলা থেকে পড়ে ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়।

অন্যদিকে, মনিচাভেলু নিচে পড়ার সময় একটি গাছের ডালে আঘাত করেন এবং পরে মাটিতে পড়ে যান বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।

জননী ও মনিচাভেলুর মধ্যে কী নিয়ে কথাকাটাকাটি হয়েছিল এবং কোন পরিস্থিতিতে তারা ভবন থেকে নিচে পড়ে যান, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।