বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার ও তার স্ত্রী

জাতীয়

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এবং তার স্ত্রী নাইমা ইমরান ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোর ৪টা ৫৬ মিনিটে বারিধারার কূটনৈতিক এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট। সেখানে গিয়ে তারা দেখতে পান, কক্ষে বড় ধরনের আগুন না থাকলেও ঘন ধোঁয়ায় পুরো ভবন ছেয়ে গেছে।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, তাৎক্ষণিকভাবে বালতি ও মগ ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বিশেষ যন্ত্রের মাধ্যমে পুরো ভবনের ধোঁয়া বের করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসার একটি টেলিভিশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হয়।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর হাইকমিশনার ও তার স্ত্রী প্রাথমিকভাবে সুস্থ ছিলেন। তবে ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া জমে থাকায় তারা শ্বাসকষ্ট ও ধোঁয়ার প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল ৯টার দিকে তাদের চিকিৎসার জন্য গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে নাইমা ইমরান একটি কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণের জন্য হাইকমিশনার ইমরান হায়দারকে আইসিইউতে রাখা হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ক্ষয়ক্ষতির পরিমাণও তুলনামূলকভাবে সীমিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবুও আগুনের প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।