বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে নিখোঁজ, ৭ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সারাদেশ

বাজারের ব্যাগ মায়ের হাতে দিয়ে নিখোঁজ, ৭ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

পাবনা: পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পরিবারের দাবি, শিশুটিকে হত্যার পর মরদেহ টুকরো করে বস্তায় ভরে ডোবায় ফেলে রাখা হয়েছিল। তবে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে তদন্ত করছে পুলিশ।

নিহত কামরুন্নাহার কলি পাবনা সদর উপজেলার দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাবার সঙ্গে স্থানীয় শ্রীপুর বাজারে যায় কলি। বাজার শেষে বাড়িতে ফিরে মায়ের হাতে বাজারের ব্যাগ দিয়ে বাড়ির পাশে চলে যায় সে। এরপর দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন।

পরে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে শিশুটির ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। বিভিন্ন স্থানে খোঁজ করেও সন্ধান না পেয়ে শিশুটির বাবা পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর শিশুটির সন্ধান চেয়ে পরিবারের পক্ষ থেকে প্রচার চালানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বজন ও সহপাঠীরা শিশুটির সন্ধানের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

এর পরদিন বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি ডোবায় বস্তাবন্দি অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শিশু কলির বলে শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটি নিখোঁজ হওয়ার পর তারা পুলিশকে বিভিন্ন তথ্য দিয়েছিলেন। তাদের ধারণা, স্থানীয় কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

শিশুটির বাবা কামাল প্রামাণিক জানান, মেয়েকে হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি করেন তিনি।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।