ইরানের লারাক দ্বীপে দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানা গেছে। জুলাই মাসের শেষ দিকের পর এটি ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম প্রকাশ্য সামরিক হামলা বলে উল্লেখ করা হচ্ছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর মুখপাত্র কমান্ডার টিম হকিন্স যুক্তরাষ্ট্রে বিবিসির অংশীদার সংস্থা সিবিএস নিউজকে জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদস্যদের হরমুজ প্রণালিতে রকেট ব্যবহার করে সাগরে মাইন নিক্ষেপের প্রস্তুতি নিতে দেখা গিয়েছিল।
এরপর লারাক দ্বীপে থাকা দুটি রকেট উৎক্ষেপণকারী স্থাপনায় মার্কিন বাহিনী হামলা চালায় বলে জানান তিনি।
আইআরজিসির দাবি, রোববারের ওই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। একই সঙ্গে তারা হামলার ‘জবাব ও শাস্তি’ দেওয়ার অঙ্গীকার করেছে।
পরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আইআরজিসি জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
এ বিষয়ে আরও তথ্য জানতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি।
ইরানের পাল্টা হামলার দাবির কিছুক্ষণ পর জর্ডানের সেনাবাহিনী জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
জর্ডানের সশস্ত্র বাহিনীর এক বিবৃতির বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পেত্রা নিউজ এজেন্সি জানায়, সোমবার ভোরে জর্ডানের আকাশসীমায় প্রবেশ করা আটটি ক্ষেপণাস্ত্র দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে।
এই হামলা ও পাল্টা হামলার ঘটনাকে কেন্দ্র করে হরমুজ প্রণালি ও মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
