সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগকে তিনি বিএনপির শত্রু নয়, বরং রাজনৈতিক মিত্র হিসেবে দেখেন। তার দাবি, অতীতে দুই দলের নেতাকর্মীরা একসঙ্গে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন এবং ভবিষ্যতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিলিত হবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই পৌর শহরের থানা পয়েন্টে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই স্মরণ সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
সমাবেশে নাছির চৌধুরী বলেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদের সঙ্গে একসঙ্গে যুদ্ধ করেছি। অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।” তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলা বিএনপির ব্যানারে অনুষ্ঠিত এ সমাবেশই দলের আনুষ্ঠানিক কর্মসূচি। আগামী ৮ আগস্ট বিএনপির নামে যারা পৃথক সমাবেশের উদ্যোগ নিচ্ছেন, তারা দলের মধ্যে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং দলের ঐক্য অক্ষুণ্ন রাখতে হবে।
নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগও সমাবেশে নাকচ করে দেন নাছির চৌধুরী। তিনি বলেন, তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তিনি দাবি করেন, তার কোনো ভাই নেই এবং ব্যক্তিগতভাবেও তিনি নানা প্রতিকূলতার শিকার হয়েছেন।
এমপি নাছির চৌধুরী বলেন, “আমার বাসা কেড়ে নেওয়া হয়েছে। এখন আমার বিরুদ্ধে বলা হচ্ছে আমি নাকি লাখ লাখ টাকা লুটপাট করেছি। যারা এসব অভিযোগ করছে, তারা নিজেরাই দুর্নীতির সুযোগ না পেয়ে অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও বলেন, উপজেলায় সরকারের বরাদ্দকৃত অর্থের হিসাব জানতে চাইলে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তা পাওয়া যাবে। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, যতদিন দায়িত্বে থাকবেন, ততদিন কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মকে প্রশ্রয় দেবেন না।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেনের সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন এমপি নাছির চৌধুরীর সহধর্মিণী পারভীন আক্তার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুল ইসলাম, সেজু মিয়া, কুলঞ্জ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান, তাড়ল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হক তালুকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, ওলামা দল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন।
