বাংলাদেশ নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আগামী ২৩ জুলাই তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পাওয়ার পর একই দিনে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, তাঁকে আগামী ২৩ জুলাই ২০২৬ থেকে ২২ জুলাই ২০২৯ পর্যন্ত তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। তিনি রয়্যাল মালয়েশিয়ান নেভিতে মৌলিক প্রশিক্ষণ শেষে এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন এবং নিজ ব্যাচে জ্যেষ্ঠতা ও মেধায় প্রথম স্থান অর্জন করেছিলেন।
