ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক, এসপি কার্যালয় ঘেরাও

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের এক নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করাকে কেন্দ্র করে পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে এসপি কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা কর্মসূচি পালন করেন তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউ মার্কেট এলাকায় পুলিশের একটি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের মোটরসাইকেল থামানো হয়। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা মোটরসাইকেলটির কাগজপত্র যাচাই করেন।

পুলিশের দাবি, মোটরসাইকেলটির বৈধ নিবন্ধন না থাকায় সেটি আটক করা হয়। এ নিয়ে আক্তারুজ্জামানের সঙ্গে দায়িত্বরত পুলিশ সদস্যদের কথাকাটাকাটি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

এর কিছুক্ষণ পর ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী পুলিশ সুপারের কার্যালয়ে যান এবং মূল ফটকে অবস্থান নেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করেন। প্রায় এক ঘণ্টা পর আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ঘটনার বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তার বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে থামায়। তিনি পুলিশের কাছে কাগজপত্র দেখান এবং তাদের মধ্যে কথোপকথন হয়।

তিনি বলেন, পাশের কয়েকজন পুলিশের উদ্দেশে বিভিন্ন মন্তব্য করলেও তিনি প্রথমে মনে করেছিলেন কথাগুলো তাকে উদ্দেশ করে বলা হচ্ছে। এ থেকেই পুলিশ সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হয়।

আক্তারুজ্জামান আরও জানান, কথোপকথনের একপর্যায়ে তার হাতে থাকা ফোন পুলিশ সদস্যরা নিয়ে নেন। পরে ফোন ফেরত নেওয়া এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে তারা পুলিশ সুপারের কার্যালয়ে যান। আলোচনার পর ভুল বোঝাবুঝির অবসান হয়েছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারের মোটরসাইকেলটি টিএসআই ও সার্জেন্ট থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন। মোটরসাইকেলটির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এ নিয়ে বাগবিতণ্ডা হয়।

তিনি আরও বলেন, বিষয়টি নিয়েই ছাত্রদল নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছিলেন। পরে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।