অধিকৃত পশ্চিম তীরের আল-মুঘাইয়ির গ্রামে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ফাদি হামদাল্লাহ আল-নাসান (১৭)।
শনিবার তার মৃত্যুর বিষয়টি পরিবার ও স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেন। গত ১১ জুলাই হামলার সময় তার উরুতে গুলি লাগে। পরে চিকিৎসকদের তার একটি পা কেটে ফেলতে হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। ফাদি আল-মুঘাইয়ির ক্লাবের হয়েও খেলতেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১,০১৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৬৮ জন ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন। শনিবার রামাল্লার প্যালেস্টাইন মেডিকেল কমপ্লেক্স থেকে তার মরদেহ নিজ গ্রামে নেওয়া হলে সেখানে দাফন সম্পন্ন করা হয়।
