গ্যাস সংকটের মধ্যেই সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কেজি এলপিজির দাম ১ টাকা ৩ পয়সা কমানো হয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হয়েছে।
এর আগে আগস্ট মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে কিছুটা কমলেও জুলাই মাসের তুলনায় এখনও ভোক্তাদের প্রতি সিলিন্ডারে ৫৭ টাকা বেশি পরিশোধ করতে হচ্ছে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের অনুপাত এবং আন্তর্জাতিক বাজারদর, জাহাজভাড়া, ব্যবসায়ীদের প্রিমিয়াম ও ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এলপিজির দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দামও নির্ধারণ করা হয়েছে। ৫.৫ কেজির সিলিন্ডারের দাম ৭২৭ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৯৮২ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডারের দাম ৫ হাজার ৯৪৫ টাকা করা হয়েছে।
এ ছাড়া গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দাম কমিয়ে প্রতি লিটার ৭৩ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড এলপিজির নতুন দাম রাখা হয়েছে প্রতি কেজি ১২৮ টাকা ৩৭ পয়সা।
তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি না পাওয়ার অভিযোগ রয়েছে। বিইআরসি জানিয়েছে, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি করা যাবে না।
