পাটগ্রামে বিজিবি ক্যাম্পে হামলা, ড্রেজার ছিনতাই চেষ্টায় আটক ৬

বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা, তিন বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৬

সারাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় বিজিবি ক্যাম্পে প্রবেশ করে জব্দ করা ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে আলাউদ্দিন নগর বিজিবি ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে বুধবার (৯ সেপ্টেম্বর) বিজিবির করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন

  • বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম
  • ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী
  • একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ
  • স্থানীয় কর্মী মতিউর রহমান
  • শাহাদাত হোসেন
  • দুলাল মিয়া

ঘটনার বিস্তারিত

পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় ধরলা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের খবর পেয়ে বিজিবির একটি টহল দল অভিযান চালায়।

অভিযানে নদী থেকে একটি ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি সদস্যরা সেটি আলাউদ্দিন নগর ক্যাম্পে নিয়ে আসেন।

পরে ড্রেজার আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় কয়েকজন ব্যক্তি ক্যাম্পে প্রবেশ করেন। বিজিবির অভিযোগ, তারা সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন, হুমকি দেন এবং জব্দ করা ড্রেজার মেশিনটি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা অভিযুক্ত ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।


পুলিশের বক্তব্য

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল রহমান জানান, বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্ব পালনরত সদস্যদের হুমকি প্রদান এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে মামলা করা হয়েছে। ওই মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।