দীর্ঘদিন ধরে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করার পর নিজের ভুল উপলব্ধি করে বাংলাদেশ রেলওয়ের কাছে স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জমা দিয়েছেন এক নারী যাত্রী। ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওই নারী ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনের টিকিট বুকিং কাউন্টারে গিয়ে ২৫ হাজার টাকা জমা দেন।
ঈশ্বরদী রেলওয়ে জংশনের সিনিয়র টিকিট পরীক্ষক (টিটিই) আব্দুল আলিম বিশ্বাস মিঠু জানান, ওই নারী একটি প্রতিষ্ঠানে চাকরির সুবাদে দীর্ঘদিন ঈশ্বরদী স্টেশন থেকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গন্তব্যে বিনা টিকিটে ট্রেনে যাতায়াত করতেন।
পরবর্তীতে নিজের ভুল উপলব্ধি করে তিনি বিষয়টি সংশোধনের সিদ্ধান্ত নেন। এ জন্য তিনি রেলের ট্রাফিক সুপারিনটেনডেন্ট (টিকিট চেকিং) একেএম নুরুল আলমের সঙ্গে যোগাযোগ করেন। তার পরামর্শ ও সহযোগিতায় শনিবার স্টেশনে এসে স্বেচ্ছায় ২৫ হাজার টাকা রেল কর্তৃপক্ষের কাছে জমা দেন।
টিটিই আব্দুল আলিম বিশ্বাস মিঠু বলেন, দীর্ঘদিন বিনা টিকিটে ভ্রমণের বিষয়টি উপলব্ধি করে ওই নারী স্বেচ্ছায় অর্থ জমা দিয়েছেন। তিনি এই উদ্যোগকে ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
